সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দিতে আরও ৬ মাস সময় পেল টাস্কফোর্স
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দিতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এই আদেশ দেন।
গত বছরের ৩০ সেপ্টেম্বর এই মামলা তদন্তে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ছয় মাসের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
ওই সময়ের মধ্যে প্রতিবেদন দিতে না পারায় চলতি বছরের ২২ এপ্রিল আরও ছয় মাস সময় চায় রাষ্ট্রপক্ষ। সেই সময়ও গতকাল শেষ হয়।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়াবাসা থেকে মাছরাঙা টেলিভিশনের তৎকালীন বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

