Logo
Logo
×

সংবাদ

জবি ছাত্রদল নেতাকে হত্যায় পরিকল্পনা করেন তার ছাত্রী ও ছাত্রীর প্রেমিক: পুলিশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০১:৩৩ পিএম

জবি ছাত্রদল নেতাকে হত্যায় পরিকল্পনা করেন তার ছাত্রী ও ছাত্রীর প্রেমিক: পুলিশ

পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় উঠে এসেছে তার এক ছাত্রী ও সেই ছাত্রীর প্রেমিকের নাম।

এই হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত—যার পেছনে কাজ করেছে একটি জটিল সম্পর্কের টানাপোড়েন। মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি জানান, জোবায়েদ পুরান ঢাকার বংশালের নুরবক্স লেনের একটি বাসায় তার ছাত্রীকে পড়াতে যেতেন। সেখান থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। কিন্তু ছাত্রীটি একই সময়ে জোবায়েদ এবং তার পুরোনো প্রেমিক—দুজনের সঙ্গেই সম্পর্ক চালিয়ে যাচ্ছিল।

এই ত্রিমুখী সম্পর্ক থেকে বেরিয়ে আসতে ওই ছাত্রী নিজেই একটি হত্যার পরিকল্পনা করে। এই পরিকল্পনা বাস্তবায়নে সে সহায়তা নেয় তার প্রথম প্রেমিক এবং তার বন্ধুর।

নজরুল ইসলাম জানান, গত ২৬ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে প্রথম প্রেমিক ছাত্রীটির সঙ্গে কথা বললে, তারা জোবায়েদকে ‘সরিয়ে দেওয়ার’ সিদ্ধান্ত নেয়।

পরদিন, ১৯ অক্টোবর তারা ছুরি কিনে ওই ছাত্রীর বাসায় অবস্থান নেয়। ছাত্রীটি তখন তার গৃহশিক্ষক জোবায়েদকে বাসায় ডেকে আনে। একপর্যায়ে বাসার সিঁড়িতে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। সে সময় ছুরি দিয়ে জোবায়েদের গলায় আঘাত করা হয়—যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

পুলিশ জানায়, হত্যার পরিকল্পনা শুরু হয়েছিল ২৫ সেপ্টেম্বর থেকে। এই ঘটনায় ছাত্রী, তার প্রেমিক ও সেই প্রেমিকের এক বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত জোবায়েদ পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন