ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে আজ যুক্ত হলো তৃতীয় বৃহদাকার এয়ারবাস ৩৩০-৩০০।
স্পেনের ট্যুরেল শহর থেকে যাত্রা করে বিমানটি মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
৪৩৬ আসনের এই নতুন এয়ারবাসটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের উর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন এয়ারবাসটি ইউএস-বাংলার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ এবং মদিনা রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
বর্তমানে ইউএস-বাংলার বহরে রয়েছে তিনটি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০ এবং দশটি এটিআর ৭২-৬০০। সবমিলিয়ে এয়ারলাইন্সটির মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ২৫টি।
উড়োজাহাজের সংখ্যার দিক থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা।
আন্তর্জাতিক রুটের মধ্যে ইউএস-বাংলা বর্তমানে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর এবং গুয়াংজু রুটে।
এছাড়া দেশের অভ্যন্তরীণ সব রুটেই এয়ারলাইন্সটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করে যাচ্ছে।

