Logo
Logo
×

সংবাদ

হযরত শাহজালাল বিমানবন্দরে আমদানি পণ্য খালাস শুরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৫:০৬ পিএম

হযরত শাহজালাল বিমানবন্দরে আমদানি পণ্য খালাস শুরু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমদানি পণ্য খালাসপ্রক্রিয়া শুরু হয়েছে। আজ সোমবার বেলা ২টার দিকে বিমানবন্দরের ৯ নম্বর গেটে কর্তব্যরত অ্যাভিয়েশন সিকিউরিটি (অ্যাভসেক), আনসার সদস্য ও কাস্টমস কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

কাস্টমস সূত্রে জানা যায়, সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ আপাতত জিএসই মেইনটেন্যান্স নামের স্থানে পণ্য রাখার জন্য স্থান নির্ধারণ করেছে। কাস্টমস কর্তৃপক্ষ ওই স্থানে পণ্যের কায়িক পরীক্ষা সম্পন্ন করছে। ওই গেট দিয়ে পণ্যের খালাসপ্রক্রিয়া সম্পাদন করা হচ্ছে।

গেটে কর্মরত অ্যাভসেক সিকিউরিটির বিমানবাহিনীর সার্জেন্ট স্বপন আরান বলেন, আমদানি করা মালামাল বের করা শুরু হয়েছে। ভেতরে কাস্টমসের লোকজনও তাদের কার্যক্রম শুরু করেছেন। পণ্য খালাস কার্যক্রম আগের তুলনায় অনেক কম। আস্তে আস্তে বাড়বে। দুপুর থেকে লোকজনের আসা শুরু হয়েছে।

এদিকে গেটে আনসার ও ঢাকা কাস্টমস কর্মকর্তাদেরও উপস্থিতি দেখা যায়। তাঁরা বলেন, অগ্নিকাণ্ডে আমদানি পণ্য খালাসপ্রক্রিয়া বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। তবে গতি ফিরতে কিছুটা সময় লাগবে।

এ বিষয়ে জানতে বিমানের কার্গো পরিচালক মো. শাকিল মিরাজের বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত শনিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটায় বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন আমদানি কার্গো ভিলেজ হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট কাজ করে। প্রায় সাত ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু পুরোপুরি নির্বাপণ হয় গতকাল রবিবার বিকেল ৫টার দিকে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন