Logo
Logo
×

সংবাদ

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ পিএম

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

পুরান ঢাকার একটি বাসার সিঁড়িতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ পাওয়া গেছে। আজ রবিবার সন্ধ্যার দিকে ওই বাসার সিঁড়িতে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।

টিউশনির বাসায় লাশ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার ওসি রফিকুল ইসলাম। তিনি বলেন, ছুরিকাঘাতে জুবায়েদ হোসাইন নিহত হয়েছেন। ওই বাসাটিই ছিল তার টিউশনের বাসা। এখনো মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি। 

নিহত জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। তিনি জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি জবির কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (লালবাগ জোন) মো. আমিনুল কবীর তরফদার বলেন, পুরান ঢাকায় একটি বাসায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের জুবায়েদ রহমান নামের একজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। তবে কীভাবে তিনি নিহত হয়েছেন বা কারা খুন করেছে—এসব বিষয়ে এখনো কিছু জানি না। ঘটনাস্থলে যাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, মৃত্যুর খবর শুনেছি। এখনো কারণ জানা যায়নি। খুবই বেদনাদায়ক এটি। পুলিশকে সব সিসিটিভি ক্যামেরা দেখতে বলেছি। আমি স্পটে (ঘটনাস্থল) যাচ্ছি। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন