ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক
সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ। আজ শনিবার বিকেল ৫টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
তবে তিনি যখন বিজ্ঞপ্তি পাঠান সে সময় কার্গো ভিলেজের উত্তর পাশের দ্বিতীয় তলায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। এ অংশে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়িকে আগুন নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার বেলা সোয়া ২টার দিকে আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে। সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে।

