রাকসুতে জিতলেন ছাত্রদল প্রার্থী জাতীয় দলের ফুটবলার নার্গিস
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৬:৩১ পিএম
নার্গিস খাতুন। ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (রাকসু) নির্বাচনে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ও ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থী নার্গিস খাতুন ক্রীড়া সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের কোনো খেলোয়াড় এই পদে নির্বাচিত হলেন।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে রাকসু নির্বাচনের এই ফল ঘোষণা করেন।
খোঁজ নিয়ে জানা যায়, নার্গিস খাতুন এবারের রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে একমাত্র জয়ী প্রার্থীও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি।
ঘোষিত ফলাফল অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের মোট ২৩টি পদের ২০টিতেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। বাকি তিনটি পদের একটিতে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য জোটের সালাহউদ্দিন আম্মার, ক্রীড়া সম্পাদক পদে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’-এর নার্গিস খাতুন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা বিজয়ী হয়েছেন।
