‘জুলাই যোদ্ধাদের’ বিক্ষোভ থেকে ছিঁড়ল বিএনপির ব্যানার
ভিডিও থেকে নেওয়া ছবি
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশে এলাকায় পুলিশের সঙ্গে ‘জুলাই যোদ্ধা ব্যানারে’ বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ঘটনা ঘটেছে। এসময় ভাঙচুর, পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এরই এক পর্যায়ে এক বিক্ষোভকারীকে বিএনপির একটি ব্যানার ছিঁড়তে দেখা গেছে।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে। সংবাদমাধ্যমে ব্যানার ছেড়ার ওই ভিডিও সামাজি যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ব্যানার ছেড়া ওই তরুণের পরিচয় জানা যায়নি।
এদিকে, আজ বিকাল ৫টায় জাতীয় জুলাই সনদ স্বাক্ষরগ্রহণ অনুষ্ঠিত হয়। স্বাক্ষরগ্রহণ অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এ সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো নেতা অনুষ্ঠানে ছিলেন না।

