বিক্ষোভের মুখে জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন
ছবি: সংগৃহীত
বিক্ষোভের মুখে জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ২টার দিকে জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংশোধনের কথা জানানো হয়।
আগে দফাটিতে ছিল, ‘গণঅভ্যুত্থানপূর্ব ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব।’
সংশোধিত দফায় বলা হয়েছে, ‘গণঅভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান কালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর, আহত জুলাই বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবো।’
বহুল প্রতীক্ষিত ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হওয়ার কথা ছিল আজ বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এই সনদকে দেশের রাজনৈতিক পুনর্গঠন ও জাতীয় ঐকমত্যের নতুন ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে সংসদ ভবন এলাকায়। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার রাষ্ট্রীয় স্বীকৃতি এবং ‘জুলাই আহত বীর’ হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে তিন দফা দাবিতে সকাল থেকে সেখানে অবস্থান নেন তারা।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ আন্দোলনকারীদের আশ্বস্ত করে জানান যে তাদের স্বীকৃতি জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকবে। তিনি শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগের আহ্বান জানালেও আন্দোলনকারীরা অবস্থান চালিয়ে যান।
পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দিতে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়।
এদিকে, অনুষ্ঠানস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ অতিথিরা ধীরে ধীরে ভেন্যুতে প্রবেশ করছেন বলে জানা গেছে।

