Logo
Logo
×

সংবাদ

‘জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত সরকার, শুরু হতে কয়েক মিনিট দেরি হতে পারে’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৪:৩৭ পিএম

‘জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত সরকার, শুরু হতে কয়েক মিনিট দেরি হতে পারে’

শফিকুল আলম। ছবি: সংগৃহীত

ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষরের জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত, তবে প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি কয়েক মিনিট দেরিতে শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। 

পোস্টে তিনি লেখেন, ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য আমরা প্রস্তুত। প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি কয়েক মিনিট দেরিতে শুরু হতে পারে। তবে সবকিছু ঠিকঠাক চলছে এবং কিছু অতিথি ইতোমধ্যে ভেন্যুতে এসে পৌঁছেছেন। আমাদের ইতিহাসের নতুন একটি অধ্যায়ের সূচনা দেখার অপেক্ষায় রইলাম।

বহুল প্রতীক্ষিত ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হওয়ার কথা ছিল আজ বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এই সনদকে দেশের রাজনৈতিক পুনর্গঠন ও জাতীয় ঐকমত্যের নতুন ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।

তবে অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে সংসদ ভবন এলাকায়। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার রাষ্ট্রীয় স্বীকৃতি এবং ‘জুলাই আহত বীর’ হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে তিন দফা দাবিতে সকাল থেকে সেখানে অবস্থান নেন তারা।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ আন্দোলনকারীদের আশ্বস্ত করে জানান যে তাদের স্বীকৃতি জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকবে। তিনি শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগের আহ্বান জানালেও আন্দোলনকারীরা অবস্থান চালিয়ে যান। 

পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দিতে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়।

এদিকে, অনুষ্ঠানস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ অতিথিরা ধীরে ধীরে ভেন্যুতে প্রবেশ করছেন বলে জানা গেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন