‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর মঞ্চের সামনে অবস্থান জুলাই শহীদ পরিবার ও আহতদের
জুলাই শহীদের পরিবার ও আহতরা দাবি আদায়ে অনড় রয়েছেন। তারা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের স্থানে অবস্থান নিয়েছেন।
শুক্রবার বেলা ১১টার দিকে দেখা যায়, অনুষ্ঠানের মঞ্চের সামনে অতিথিদের জন্য সাজানো চেয়ারে বসে আছেন শহীদ পরিবার ও আহতরা। অনুষ্ঠানমঞ্চ ও অতিথিদের আসনবিন্যাসের মাঝামাঝি স্থানে অবস্থান নিয়েছে পুলিশ।
আজ বিকেল চারটায় এখানেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা। কয়েকটি দাবিতে বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ শুরু করে জুলাই শহীদ পরিবার ও আহতদের ঐক্যবদ্ধ প্যানেল।
শুক্রবার সকালে বিক্ষোভকারীরা জাতীয় সংসদ ভবনের মূল ফটক টপকে ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তারা দক্ষিণ প্লাজায় গিয়ে মঞ্চের সামনে অবস্থান নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের থামানোর চেষ্টা করেন, কিন্তু বিক্ষোভকারীরা অতিথিদের জন্য সাজানো চেয়ারে বসে পড়েন। বেলা সোয়া ১১টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন।
ঐক্যবদ্ধ প্যানেলের দুটি প্রধান দাবি হলো—শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মৌলিক অধিকার সংরক্ষণ এবং রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান; পাশাপাশি তাদের সুরক্ষা ও দায়মুক্তির জন্য বিশেষ আইন প্রণয়ন ও বাস্তবায়ন। এসব বিষয় ‘জুলাই সনদ’-এ অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, ‘বিক্ষোভকারীদের সরে যেতে বলা হয়েছিল, কিন্তু তারা জানিয়েছে—দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবে।’ তিনি আরও জানান, জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা ঘটনাস্থলে যাচ্ছেন, তাদের সঙ্গে বিক্ষোভকারীদের আলোচনা হবে। আলোচনা শেষে সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

