জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ
আগামীকাল শুক্রবার পূর্বনির্ধারিত সময়েই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই অনুষ্ঠানে সব রাজনৈতিক দল অংশ নেবে বলে আশাপ্রকাশ করেছেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তবে কোনো দল বাদ পড়লেও পরে স্বাক্ষরের সুযোগ থাকছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে জাতীয় সংসদের এল ডি হলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আলী রীয়াজ। তার সঙ্গে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
আলী রীয়াজ বলেন, ‘নোট অব ডিসেন্টসহ ৮৪টি বিষয়ে ঐকমত্যের ভিত্তিতেই সনদ প্রণয়ন করা হয়েছে। সেই সনদই শুক্রবার স্বাক্ষর হবে। বিভিন্ন রকমের মতভিন্নতা সত্ত্বেও আমরা আশা করি, এই প্রক্রিয়ার সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, সেই দলগুলোর নেতারা উপস্থিত থাকবেন। তাঁরা সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে আরেকটি পর্যায়ে আমরা অগ্রসর হতে পারব।’
তিনি আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া আগে না দেখে কোনোভাবেই সনদে স্বাক্ষর করবে না বলে এনসিপি যে ঘোষণা দিয়েছে, তা দুঃখজনক। আমরা বুঝতে পারি, এটি তাঁদের রাজনৈতিক অবস্থান। তবে আমরা এখনো আশাবাদী, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যন্ত তারা সনদে স্বাক্ষর করবে। কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে—সনদে স্বাক্ষরের পরই বাস্তবায়নের প্রস্তাব সরকারকে দেওয়া হবে। আমরা আশা করি, এনসিপি এতে অংশ নেবে।’
সনদ বাস্তবায়নের জন্য কমিশনের পক্ষ থেকে সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত থাকার কথা তুলে ধরে আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদের (৩১ অক্টোবর) মধ্যেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট, সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ একটি সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করা হবে। সরকারের পক্ষ থেকেও এই সময়ের মধ্যেই সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা হবে বলে কমিশন আশা করে।
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সব রকমের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর নেতাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো অব্যাহত রয়েছে। এর পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকেও আমন্ত্রণ জানানো হচ্ছে।

