মেট্রোরেলের সময় বাড়ছে এক ঘণ্টা, বাড়বে ট্রিপও
ঢাকায় মেট্রোরেলের যাত্রীদের জন্য আসছে সুখবর। দিনে এক ঘণ্টা বেশি সময় চলবে মেট্রোরেল। নতুন এই সময়সূচি শুরু হবে আগামী রোববার থেকে।
সকালে এখনকার তুলনায় আধঘণ্টা আগে ট্রেন ছাড়বে, আবার রাতেও আধঘণ্টা বেশি চলবে মেট্রোরেল। ফলে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াতে আরও সুবিধা হবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, আগামী মাসের মাঝামাঝিতে ট্রিপের সংখ্যা বাড়ানো হবে। এতে ট্রেনের ফাঁকে অপেক্ষার সময় অন্তত দুই মিনিট কমে আসবে।
সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, ধাপে ধাপে মেট্রোরেলের সেবা বাড়ানো হচ্ছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পরীক্ষামূলক চালনা চলছে। আগামী রোববার থেকে এক ঘণ্টা বেশি সময় চালানোর চেষ্টা চলছে, আর আগামী মাসের মাঝামাঝিতে ট্রিপ বাড়ানো সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
বর্তমানে দিনে গড়ে সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেন। সময় ও ট্রিপ বাড়লে যাত্রীসংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করছে ডিএমটিসিএল।
উত্তরা উত্তর স্টেশন থেকে এখন দিনের প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে। নতুন সূচিতে ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে। রাতে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টার বদলে রাত সাড়ে ৯টায়। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৭টার পরিবর্তে সকাল ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।
শুক্রবার দুপুর ৩টায় ট্রেন চলাচল শুরু হলেও নতুন সূচিতে সময় এগিয়ে বেলা আড়াইটায় শুরু হবে। রাতে চলবে আধঘণ্টা বেশি।
এখন ২৪ সেট ট্রেন থাকলেও ১২ সেট দিয়ে নিয়মিত যাত্রী পরিবহন হয়। সময় বাড়লে ১৯ সেট ট্রেন চালানো হবে। একটি ট্রেন অন্যটির পেছনে আসতে এখন লাগে ৬ থেকে ১০ মিনিট। নতুন ব্যবস্থায় তা কমে হবে ৪ থেকে ৮ মিনিট।
২০২২ সালের ২৮ ডিসেম্বর চালু হয় বাংলাদেশের প্রথম মেট্রোরেল। মতিঝিল পর্যন্ত চলাচল শুরু হয় ২০২৩ সালের শেষে। এখন কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে।
মেট্রোরেলের নিয়মিত যাত্রী, ট্রাভেল এজেন্সির কর্মকর্তা আরশাদুল হক বলেন, ‘যানজটের শহরে মেট্রোরেল এখন অনেকের ভরসা। সময় ও ট্রিপ বাড়লে তা যাত্রীদের জন্য ভালো হবে।’

