রাতেও শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকরা, কর্মবিরতির ডাক
ছবি: সংগৃহীত
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও আটকের প্রতিবাদে আগামীকাল সোমবার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক-কর্মচারীরা।
কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (১২ অক্টোবর) রাতেও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন তারা। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি মেনে নিলে রাতেই শহীদ মিনার ছেড়ে চলে যাবেন বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়। আজ দিনভর এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে শিক্ষক-কর্মচারীরা এ কর্মসূচি পালন করছেন।
এর আগে, আজ সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষকরা। পরে দুপুরের দিকে তাঁদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে পুলিশ। বেলা পৌনে ২টার দিকে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে প্রথমে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপরও অনেক শিক্ষককে সেখানে অবস্থান নিতে দেখা গেছে।
শিক্ষকরা বলছেন, শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলনকে পণ্ড করে দিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এটা কোনোভাবেই কাম্য নয়।
রাতে অবস্থান কর্মসূচিতে দেওয়া বক্তব্যে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ২৪ ঘণ্টা আমরা এখানে থাকব। যতক্ষণ সরকারের পক্ষ থেকে শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারী ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন যতক্ষণ জারি না হবে, যতদিন জারি না হবে যে কোনো মূল্যে আমরা শহীদ মিনারে অবস্থান করব, ইনশাআল্লাহ। আমাদের বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন কর্মসূচি আসবে।

