Logo
Logo
×

সংবাদ

নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখার হুমকি সারজিসের

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১১:৪৯ এএম

নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখার হুমকি সারজিসের

বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘এর আগেও পঞ্চগড়ে আমাদের অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ চলে গিয়েছিল। এবারও ঠিক সেই সময়েই বিদ্যুৎ চলে গেল। বিষয়টি আর কাকতাল নয়, এটি পরিকল্পিত বলে মনে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নিব তাদের কলিজা কত বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।’’

গতকাল শনিবার রাতে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে এক সমাপ্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। এই সমাবেশ ছিল বাংলাবান্ধার উদ্দেশে সারাদিনব্যাপী অনুষ্ঠিত লংমার্চের শেষ পর্ব।

সারজিস আলম অভিযোগ করে বলেন, ‘তিন দিনের তিন দিনই একই ঘটনা ঘটছে। বারবার এমন হলে সন্দেহ জাগে। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তারা যদি রাজনৈতিক স্বার্থে কাজ করে থাকে, তাহলে তাদের দায় নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, পঞ্চগড়ে কোনো প্রতিষ্ঠান যদি পক্ষপাতমূলক আচরণ করে, তাহলে তা এখানকার জনগণ মেনে নেবে না। কারও রাজনৈতিক পক্ষপাত যেন কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে প্রভাব না ফেলে—এটাই আমাদের দাবি।’

বক্তব্যে সারজিস আলম বলেন, ‘যখন দুর্নীতি, দখল, মাদক বা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, তখনই কিছু মহলের অস্বস্তি শুরু হয়। বাধা আসতে থাকে। কিন্তু আমরা স্পষ্টভাবে জানাতে চাই, যত দিন বেঁচে আছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলব। পঞ্চগড়ের মানুষ এই অপশক্তিকে আর মেনে নেবে না।’

দিনব্যাপী এই লংমার্চের শুরু হয় শনিবার দুপুরে পঞ্চগড়ের ঐতিহাসিক চিনিকল মাঠ থেকে। গন্তব্য ছিল বাংলাবান্ধা। এতে অংশ নেন কয়েকটি পিকআপ ভ্যান ও পাঁচ শতাধিক মোটরসাইকেল বহর। নেতৃত্বে ছিলেন সারজিস আলম।

এনসিপির পাঁচ উপজেলার সমন্বয়কারীরা ছাড়াও এতে অংশ নেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং জাতীয় যুবশক্তির প্রতিনিধিরাও।

সারজিস আলম তার বক্তব্যের শেষ দিকে বলেন, ‘এই দেশ, এই জেলা কারও একার নয়। আমরা চাই, প্রশাসন নিরপেক্ষ থাকুক, কেউ যেন ক্ষমতা ব্যবহার করে অন্যায়কে প্রশ্রয় না দেয়।’


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন