পুলিশের ওপর হামলার ঘটনা কিছুটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পুলিশের ওপর হামলার ঘটনা কিছুটা কমেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে রাজস্ব খাতে কেনা ২০টি নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। একই সঙ্গে তিনি বলেছেন, ঝটিকা মিছিল ও অপরাধের সংখ্যাও ধীরে ধীরে কমে আসছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি মহল নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তারা ঝটিকা মিছিল করছে। তবে ২৪৪ জনকে হাতেনাতে ধরার পর থেকে এসব মিছিলের সংখ্যা কমে এসেছে। অপরাধের হারও কমছে। যদি সবাই সহযোগিতা করেন, তাহলে এগুলো একসময় পুরোপুরি কমে যাবে। যখন দেশ নির্বাচনের মুডে ঢুকে যাবে, তখন অপরাধ আরও কমে আসবে। কারণ, তখন প্রচার-প্রচারণা শুরু হয়ে যাবে।
পুলিশের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সংখ্যাটা আগে থেকে একটু কমেছে। কিছুদিন আগে নরসিংদীতে পুলিশের ওপর হামলার একটা ঘটনা ঘটেছে। তবে এটাও ধীরে ধীরে কমে আসবে।
গতকাল মঙ্গলবার পুলিশের ওপর হামলার প্রতিবাদে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন একটি বিবৃতি দিয়েছে—এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জনগণ এখন সচেতন হচ্ছে। আপনারা (মিডিয়া) যেভাবে প্রচার করছেন, এটা আমাদের জন্য ভালো। জনগণ যখন বুঝবে, এসব কাজ খারাপ, তখন নিজেরাই প্রতিরোধ গড়ে তুলবে।’

