Logo
Logo
×

সংবাদ

আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই: সিইসি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৪:০৫ পিএম

আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, তাঁর কমিশন একটি ‘আয়নার মতো স্বচ্ছ’ নির্বাচন আয়োজন করতে চায় এবং এ জন্য সবার সহযোগিতা অপরিহার্য। আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে সংলাপে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

স্বাগত বক্তব্যে সিইসি বলেন, আজকের এই সংলাপ কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং মিডিয়ার মতামত নিয়েই নির্বাচন কমিশন সামনে এগিয়ে যেতে চায়। তিনি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য বারবার তাগিদ দেন এবং সবার জন্য সমান সুযোগ সৃষ্টিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

সিইসি বলেন, সংস্কার কমিশনের তৎপরতার কারণে তাঁদের নিজস্ব সংলাপ শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে।সংস্কার কমিশন আমাদের কাজকে হালকা করে দিয়েছে। তারা বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করেছে। রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে ব্যস্ত রয়েছে। তাই আমাদের সংলাপ একটু দেরিতে হচ্ছে।

গণমাধ্যমকে নির্বাচন প্রক্রিয়ার ‘পার্টনার’ হিসেবে উল্লেখ করে সিইসি নাসির উদ্দিন বলেন, ‘বর্তমান সময়ে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা), মিসইনফরমেশন (ভুল তথ্য) এবং ডিসইনফরমেশন (বিদ্বেষমূলক বা উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য)—এই তিনটি চ্যালেঞ্জ মোকাবিলায় মিডিয়ার গুরুত্ব অনেক।’ তিনি বলেন, ‘এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে কমিশন স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর।’

দায়িত্ব গ্রহণের পর থেকে নির্বাচন কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছে বলে জানান সিইসি। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কাজের মধ্যে তিনি বলেন, সফলভাবে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে; ২১ লাখের বেশি মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। সিইসি উল্লেখ করেন, মিডিয়ায় এমন খবর দেখা গিয়েছিল যে এদের অনেকে ভোট দিয়ে যেতেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন