কোনো ব্যক্তি নয়, মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের “মাস্টারমাইন্ড” কোনো ব্যক্তি বা দল নয়, বরং বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণই এই আন্দোলনের প্রকৃত নেতৃত্ব দিয়েছে।
বিবিসি বাংলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
বিবিসি বাংলার প্রশ্নে তারেক রহমান বলেন, “আমি নিজেকে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে বহু বছর আগে থেকে। এটি শুধু বিএনপি নয়—সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, তাদের নেতাকর্মী, এবং জনগণের সম্মিলিত ত্যাগ ও অংশগ্রহণের ফল।”
তিনি আরও বলেন, “মাদ্রাসার ছাত্র, গৃহিনী, কৃষক, শ্রমিক, সিএনজি চালক, দোকান কর্মচারী, গার্মেন্টস কর্মী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা পর্যন্ত সবাই এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন। এমনকি যারা স্বৈরাচারের নির্যাতনে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন, সেই সাংবাদিকরাও সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়েছিলেন।”
তারেক রহমানের ভাষায়, “আমরা কারও ভূমিকা ছোট করে দেখতে চাই না। এই আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো ব্যক্তি নয়—বাংলাদেশের জনগণ। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, তারাই এই আন্দোলনের নায়ক।”
যোগাযোগের বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি বাইরে থেকে কাজ করেছি, তাই অনলাইনের মাধ্যমে যোগাযোগ রাখতে হয়েছে। কিন্তু স্বৈরাচার তখন টেলিফোন ও ইন্টারনেট ব্যবস্থা প্রায় পঙ্গু করে দিয়েছিল। ফলে যোগাযোগ সবসময় নির্বিঘ্ন ছিল না। তবুও প্রত্যেকে বিভিন্ন মাধ্যমে সহযোগিতা করেছি।”
ছাত্রনেতৃত্ব ও আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিভাজন প্রসঙ্গে তারেক রহমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। এই আন্দোলনে প্রায় ৬৩ জন শিশু শহীদ হয়েছে, দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, প্রায় ত্রিশ হাজার মানুষ আহত বা পঙ্গু হয়েছেন। এমন আত্মত্যাগ কোনও দলের একার নয়—এটি জনগণের।”
তিনি জোর দিয়ে বলেন, “এখন আমাদের কাজ হবে নিহত ও আহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো। রাষ্ট্র, সরকার ও সব রাজনৈতিক দলের উচিত এই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাস্তব সহায়তা প্রদান করা।”
তারেক রহমানের এই সাক্ষাৎকারে তিনি বারবারই পুনরাবৃত্তি করেছেন একটি বার্তা—জুলাই গণঅভ্যুত্থানের আসল নায়ক বাংলাদেশের সাধারণ মানুষ, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন।

