৫০ শতাংশকে বাইরে রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে: জি এম কাদের
৫০ শতাংশকে বাইরে রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভায় এ কথা বলেন জি এম কাদের।
আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন হবে বলে মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনার সময় ছিল দলের সঙ্গে দলের লোকের প্রতিযোগিতা। এখন সরকারি এবং আধা সরকারি দলের মধ্যে নির্বাচন হতে যাচ্ছে।’ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সরকারি দল এবং বিএনপিকে আধা সরকারি দল হিসেবে আখ্যায়িত করেছেন জাপা চেয়ারম্যান।
এনসিপির প্রতি ইঙ্গিত করে জি এম কাদের বলেন, ‘একটি দলের দুজন সদস্য সরকারে রয়েছে, তারা প্রটোকল পাচ্ছে। জামায়াতসহ তারা মোটামুটি সরকারের সব সুবিধা ভোগ করছে। তারা যা করতে চাইছে, সব করতে পারছে।’
বিএনপিকে আধা সরকারি দল আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আর বিএনপি আধা সরকারি দল। সরকারি দলে বেশি দিন ক্ষমতায় থাকতে ইচ্ছুক, আধা সরকারি দল চাচ্ছে দ্রুত নির্বাচন। সেখান থেকেই ৫, ১০, ৫০ বছর ক্ষমতায় থাকার বিষয়টি এসেছে।’
জি এম কাদের বলেন, ‘এখনো ৫০ শতাংশের বেশি লোককে বাইরে রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে। শেখ হাসিনার সময়েও তা-ই হয়েছে, এখনো তা-ই চলছে। শেখ হাসিনা ৫০ শতাংশকে বাইরে রাখার পরিস্থিতি সৃষ্টি করেছিলেন, এখন প্রশাসনিক আদেশে করা হচ্ছে।’

