খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যাসহ তিনটি মামলা করেছে। ১৪৪ ধারা ভঙ্গ করে ভাঙচুর, দাঙ্গা সৃষ্টি ও পুলিশের ওপর হামলার অভিযোগে খাগড়াছড়ি সদর থানায় ৬০০-৭০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে এ মামলা করা হয়েছে। এ মামলার বাদী সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা।
এ ছাড়া গুইমারা থানায় হত্যাকাণ্ড ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে।গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, বর্তমানে উপজেলায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শয়ন শীলকে ছয় দিনের রিমান্ড শেষে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়। খাগড়াছড়ি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
ওসি আবদুল বাতেন মৃধা বলেন, রিমান্ড শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। খাগড়াছড়ির পরিস্থিতি এখন স্বাভাবিক এবং ১৪৪ ধারা বলবৎ রয়েছে।
অন্যদিকে আজ বৃহস্পতিবার হাটের দিনে সকাল থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। খাগড়াছড়ির সব সড়কে যান চলাচল স্বাভাবিক, দোকানপাটও খোলা রয়েছে।
