Logo
Logo
×

সংবাদ

আজ দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০২:০২ পিএম

আজ দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

দেশজুড়ে পাঁচদিনের আনন্দ-উৎসব শেষে বৃহস্পতিবার বিজয়া দশমীতে অশ্রুজলে বিদায় জানানো হচ্ছে দেবী দুর্গাকে। সকাল থেকেই ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর সব মন্দির-মণ্ডপ।

সকাল ৯টার পর থেকে বিহিত পূজার মধ্য দিয়ে দশমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। দর্পণ বিসর্জন, ঘট বিসর্জন ও দুপুরে সিঁদুর খেলায় ভক্তরা অংশ নেন।

বিকেলে শোভাযাত্রা শেষে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবারের দুর্গোৎসব। হিন্দু বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের মধ্য দিয়ে দুর্গা ফিরে যান কৈলাসে। নতুন শরতে আবারও তিনি আসবেন মর্ত্যে।

ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত ধর্মদাশ চট্টোপাধ্যায় বলেন, ‘নবমীতে পূর্ণপূজার পর দশমীতে মা অপরাজিতা রূপে পূজিত হন। মহিষাসুর বধের মধ্য দিয়ে বিজয় হয় দেবীর, তাই আজ শুভ বিজয়া।’ ভক্ত রাজরূপা চক্রবর্তী বলেন, ‘মা বিদায়ের বেদনা আছে, তবে সবার জন্য মঙ্গল কামনা করেছি।’

পঞ্জিকা মতে, এ বছর দুর্গার আগমন হয়েছিল গজে, যা শস্যপূর্ণ বসুন্ধরার ইঙ্গিত। আর গমন হচ্ছে দোলায়, যা মড়কের আশঙ্কা বহন করে।

এবার ঢাকায় ২৫৯টি এবং সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠী পূজা দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসব বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো। নিরাপত্তার জন্য সন্ধ্যার আগেই বিসর্জনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন