Logo
Logo
×

সংবাদ

মাদ্রাসাশিক্ষাকে আমরা যুগোপযোগী ও বাস্তবমুখী করতে চাই: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৩:৪৯ পিএম

মাদ্রাসাশিক্ষাকে আমরা যুগোপযোগী ও বাস্তবমুখী করতে চাই: শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার দেশের মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে ‘যুগোপযোগী, বাস্তবমুখী ও আধুনিক’ রূপে গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। আজ বুধবার সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সি আন,র আবরার আরও বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় মাদ্রাসা একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। লাখ লাখ শিক্ষার্থী এখান থেকে শিক্ষা গ্রহণ করে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। আমরা চাই, এই শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী, বাস্তবমুখী ও আধুনিক রূপে গড়ে তুলতে।

শিক্ষা উপদেষ্টা বলেন, মাদ্রাসা শিক্ষার ঐতিহ্যে যুক্তিবিদ্যা, জ্যোতির্বিদ্যা, বিজ্ঞানচর্চা ও ধর্মবিদ্যা একসঙ্গে ছিল। আমরা চাই, এই ধারা পুনরুজ্জীবিত করে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে ধর্মীয় শিক্ষার একটি সমন্বিত রূপ তৈরি করতে।

মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়াতে একাধিক প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে সি আর আবরার বলেন, ধর্মীয় শিক্ষা অবশ্যই মাদ্রাসাশিক্ষার কেন্দ্রবিন্দু থাকবে। তবে শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়াতে আধুনিক শিক্ষার উপাদানগুলো সংযোজন করতে হবে। এ জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

ধর্মীয় সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব তুলে ধরে সি আর আবরার বলেন, ‘সমাজে বিভেদ নয়, সহমর্মিতা ও যুক্তিবাদী চিন্তাই আমাদের পথপ্রদর্শক হবে। ধর্মীয় বিশ্বাসের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিকে আলিঙ্গন করে আমরা উন্নত ও কর্মক্ষম নাগরিক হিসেবে দেশ ও সমাজে অবদান রাখতে পারব।’

এ সময় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিক্ষার্থীদের আবাসন সমস্যা, বিশুদ্ধ পানি ও পরিবহনের সংকটসহ বিভিন্ন বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন সি আর আবরার ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন