Logo
Logo
×

সংবাদ

পাঁচ দিন পর খাগড়াছড়ির অবরোধ কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০১:৪৩ পিএম

পাঁচ দিন পর খাগড়াছড়ির অবরোধ কর্মসূচি স্থগিত

খাগড়াছড়িতে আলোচিত কিশোরী ঘটনাকে কেন্দ্র করে টানা পাঁচ দিনের অবরোধ কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’। মঙ্গলবার রাত ৯টার দিকে সংগঠনটির মিডিয়া সেল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ সিদ্ধান্ত জানায়।

এদিকে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের জানিয়েছেন, কিশোরীর ডাক্তারি পরীক্ষায় কোনো ধরনের যৌন সহিংসতার আলামত পাওয়া যায়নি।

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, বর্তমানে ১৪৪ ধারা বহাল আছে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হলে সেটি প্রত্যাহারের বিষয় বিবেচনা করা হবে।

প্রতিবাদ ঘিরে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্তত ২৮ জন।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে গাইনী বিশেষজ্ঞ ডা. জয়া চাকমার নেতৃত্বে গঠিত মেডিকেল টিম কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করে জানায়, পরীক্ষার ফল স্বাভাবিক এসেছে। ওই প্রতিবেদনে ডা. মীর মোশাররফ হোসেন ও ডা. নাহিদ আক্তারও স্বাক্ষর করেন।

ডা. মোহাম্মদ ছাবের জানান, মেডিকেল বোর্ডের প্রতিবেদন পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, সহিংসতায় ক্ষতিগ্রস্তরা চাইলে মামলা করতে পারবেন, আর কেউ মামলা করতে না চাইলে প্রয়োজনে পুলিশ বাদী হয়ে মামলা নেবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করছে।

জেলা প্রশাসক জানান, মঙ্গলবার রাত ১১টার পর থেকে অবরোধকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছে। তবে পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে তুলে নিয়ে যায় কয়েকজন যুবক। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেন। পুলিশ পরবর্তীতে শয়ন শীল (১৯) নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। ঘটনার বিচারসহ আট দফা দাবিতে ‘জুম্ম ছাত্র-জনতা’ পার্বত্য তিন জেলায় অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছিল।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন