Logo
Logo
×

সংবাদ

উৎসবের দিনে সীমান্তে বাড়তি সতর্কতা, নজরদারিতে সিসিটিভি ও নারী টহল দল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১২:২১ পিএম

উৎসবের দিনে সীমান্তে বাড়তি সতর্কতা, নজরদারিতে সিসিটিভি ও নারী টহল দল

দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে এবার উৎসবের আবহে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে পুলিশ প্রশাসন। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা—উদ্দেশ্য একটাই, যেন কোনো অপ্রত্যাশিত ঘটনা ছায়াও ফেলতে না পারে আনন্দঘন এই সময়ের ওপর।

জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তল জানিয়েছেন, চলমান দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে একাধিক নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় সীমান্ত বেড়া নেই, সেই উন্মুক্ত অঞ্চলে সিসিটিভি-র মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। দক্ষিণ দিনাজপুরের তিনদিকেই বাংলাদেশ সীমান্ত ঘিরে আছে, যার মধ্যে প্রায় ২০-৩০ কিলোমিটার এখনও অরক্ষিত।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, অতীতে এই খোলা সীমান্ত দিয়েই বহুবার অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, যা ছড়িয়ে পড়েছে বালুরঘাট থেকে কলকাতার শহরাঞ্চল পর্যন্ত। রাজনৈতিক টানাপোড়েন ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এবারে নজরদারিতে কোনো শিথিলতা রাখেনি বিএসএফ ও জেলা পুলিশ—উৎসবের সময় যেন সুরক্ষার কোনো ঘাটতি না থাকে, সে বিষয়েও নেওয়া হয়েছে বাড়তি উদ্যোগ।

হিলি ব্লকের অন্তর্গত হরিপুকুর, মথুরাপুর, চক্রগোপলা, উজাল ও আপ্টারের মতো কয়েকটি সীমান্তসংলগ্ন গ্রামে এখন সার্বক্ষণিক নজরে সিসিটিভি। তবে ঠিক কোথায় বসানো হয়েছে সেই ক্যামেরাগুলো, সেই তথ্য প্রকাশ করা হয়নি নিরাপত্তার খাতিরে।

সাজানো হয়েছে বিশেষ পুলিশি টহল ব্যবস্থাও—সাধারণ পোশাকের পাশাপাশি থাকবে ইউনিফর্মধারী সদস্যরা। ভিড়ের জায়গায় থাকবে ড্রোন ক্যামেরা ও আরও অতিরিক্ত নজরদারি। নারীদের সুরক্ষার কথা ভেবে মাঠে নেমেছে 'উইনার্স টিম'—সম্পূর্ণ মহিলা পুলিশ সদস্যদের মোটরসাইকেল টহল দল, যারা বালুরঘাট, গঙ্গারামপুর ও বুনিয়াদপুর শহরে টহল দিচ্ছেন প্রতিদিন।

এছাড়াও পূজার ভিড় সামাল দিতে বালুরঘাট ও গঙ্গারামপুরে প্রকাশিত হয়েছে বিশেষ ‘পূজা গাইড ম্যাপ’। সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ করতে ম্যাপে সংযুক্ত রাখা হয়েছে QR কোড, স্ক্যান করলেই মিলবে ডিজিটাল সংস্করণ।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন