আবহাওয়া অধিদপ্তর গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এর মধ্যে মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত নামা ১৩২ মিলিমিটার। এটা ছিল এ বছরেরর সবচেয়ে বেশি বৃষ্টি।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানিয়েছেন, আগামী চারদিন এ ধরনের ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তিনি সতর্ক করে বলেছেন, জলাবদ্ধতার ঝুঁকি বাড়ছে, তাই কর্তৃপক্ষকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
শুধু রাজধানী নয়, মধ্যরাত থেকে দেশের বিভিন্ন এলাকাতেও প্রবল বর্ষণ হয়েছে। রাতভর বৃষ্টির কারণে ঢাকার অনেক সড়কে পানি জমে গেছে। বুধবার সকাল থেকে টিপটিপ বৃষ্টি চলতে থাকায় অফিসগামী ও সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সক্রিয় মৌসুমি বায়ু এবং লঘুচাপের প্রভাবে এ বৃষ্টি দীর্ঘায়িত হচ্ছে।
তাদের ধারণা, আগামী ৪ অক্টোবর পর্যন্ত প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় ঢাকায় জলাবদ্ধতার সমস্যা আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর ঢাকার পাশাপাশি দেশের আটটি বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

