জাতীয় পার্টির রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার
জাতীয় পার্টির (জাপা) রওশনপন্থী মহাসচিব কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ সোমবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলা রয়েছে।
শফিকুল ইসলাম জানান, গতকাল রবিবার দিবাগত রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলা রয়েছে।
এর আগে গত বছরের ৪ নভেম্বর ধর্ষণ মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। তিনি আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় পার্টির এখন তিনটি অংশ। একটি অংশের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আরেক অংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। অপর অংশের চেয়ারম্যান জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিণী রওশন এরশাদ ও মহাসচিব কাজী মামুনুর রশীদ।
এরই মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। আর তিন খণ্ডে বিভক্ত এই দল নির্বাচনী প্রতীক লাঙ্গল নিয়ে টানাটানি শুরু করেছে।

