Logo
Logo
×

সংবাদ

খাগড়াছড়িতে অবরোধ চলছে, গুইমারায় বাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম

খাগড়াছড়িতে অবরোধ চলছে, গুইমারায় বাজারে আগুন

খাগড়াছড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে জুম্ম-ছাত্র জনতার ব্যানারে আজ রবিবারও অবরোধ চলছে। আজ দুপুরে অবরোধ চলাকালে গুইমারায় একটি বাজারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। আগুনে বাজারের পাশে বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাজারে আগুন দেওয়ার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আগুনে বাজারের দোকানপাট জ্বলতে দেখা যায়। বাজারের দোকানমালিকদের অধিকাংশ পাহাড়ি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২০-২৫ জন লোক এসে রামেসু বাজার ও বসতবাড়ি লুটপাট করে এবং যাওয়ার সময় আগুন ধরিয়ে দেন। এসব লোকের সঙ্গে মুখোশ পরা ছিল। এ সময় দোকানপাট ও বসতবাড়ির সঙ্গে অনেকগুলো মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

আগুন দেওয়ার ঘটনাকে অত্যন্ত সুপরিকল্পিত উল্লেখ করেন দ্বীপায়ন ত্রিপুরা। তিনি বলেন, পার্বত্য উপদেষ্টাসহ সরকারি শীর্ষ ব্যক্তিদের সঙ্গে যখন জেলা প্রশাসকের অফিসে সভা হচ্ছিল; ঠিক সে সময় নিরীহ পাহাড়িদের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এটা মেনে নেওয়ার মতো নয়।

জুম্ম ছাত্র-জনতার সংগঠক সুইচিসাই জানান, দুপুর ১২টার পর আইন-শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য রামেসু বাজার এলাকায় তল্লাশি ও মারমুখো ছিল। এর জবাবে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ জানাতে থাকলে উভয়পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসীর ওপর ছররা গুলি ছোঁড়া হয়। এতে ৬-৭ জন গুরুতর জখম হয়েছে।

এ বিষয়ে খাগড়াছড়ির গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, অবরোধ নিয়ে পাহাড়ি-বাঙালিদের মধ্যে ঝামেলা চলছে। এখন পরিস্থিতি উত্তপ্ত। পরে বিস্তারিত জানানো হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন