হাজি সেলিমের আজিমপুরের বাড়ি থেকে ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার
সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের রাজধানীর আজিমপুর এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে যৌথ বাহিনী। অভিযান শেষে এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানাবে তারা। আজ রোববার দুপুর ১২টার দিকে বাসাটি ঘিরে রাখতে দেখা যায়। লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের বাসায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। তারা বিষয়টি আমাদের জানিয়েছে। তবে আমাদের পুলিশের সদস্যরা নেই। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ বাহিনীর সদস্যরাই অভিযান পরিচালনা করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই বাড়ির আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাড়িগুলোর মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের লোগোও রয়েছে বলে জানা গেছে।
যৌথ বাহিনী বাড়িটির তত্ত্বাবধায়ককে (ম্যানেজার) ঘটনাস্থল থেকে আটক করেছে। তিনি গাড়িগুলোর মালিকানা ও বৈধতা সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি।
যৌথ বাহিনীর উপস্থিতি ঘিরে এলাকাজুড়ে কৌতূহল বিরাজ করছে।

