বেআইনি নির্দেশনা দেব না, কোনো দলের পক্ষেও কাজ নয়: সিইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো বেআইনি, অন্যায় নির্দেশনা দেব না। আপনারাও (কর্মকর্তারা) কোনো দলের পক্ষে কাজ করবেন না। আজ শনিবার নির্বাচন ভবনে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এ সময় তিনি বলেন, আমি পরিবারের প্রধানের জায়গায় থেকে দায়িত্ববোধ নিয়ে কাজ করি। বাংলাদেশের মতো জায়গায় কাজ করা খুব কঠিন। আমরা অনেক দেখা, অদেখা বহু চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। অনেকগুলো দেখা যায়। অনেকগুলো দেখ যায় না। আমি পজিশন মানুষ। গ্লাসে আমি সব সময় অর্ধেক ভরা পানি দেখি।
সিইসি আরও বলেন, ‘আমাদের ওপর আস্থা আছে বলেই প্রধান উপদেষ্টা বারবার বলছেন ঐতিহাসিক নির্বাচন করব৷ আমরা অনুরাগ, বিরাগের বশবর্তী না হয়ে, আইন মেনে কাজ করব। আমরা অন্যায় নির্দেশনা দেব না। বেআইনি নির্দেশনা, কারো পক্ষে কাজ করার নির্দেশনা দেব না। সঠিক কাজটি সঠিকভাবে কাজ করার নির্দেশনা দেব।
নিরপেক্ষভাবে কাজ করার জন্য এ সময় তিনি কর্মকর্তাদের হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে শপথ করতে বলেন। কর্মকর্তারা হাত তুলে সে শপথ করেন। আপনারা কারো পক্ষে কাজ করবেন না।
সিইসি বলেন, কোনো দলের পক্ষে কাজ করবেন না। একটা বিশেষ পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে। বিশেষভাবে, বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমেই কাজ করতে হবে। আমাদের শপথ রক্ষা হবে আপনাদের ভূমিকার ওপর।

