Logo
Logo
×

সংবাদ

সেন্ট মার্টিন নভেম্বরে পর্যটকদের জন্য খোলা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম

সেন্ট মার্টিন নভেম্বরে পর্যটকদের জন্য খোলা হচ্ছে

 বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক দ্বীপে ভ্রমণের সুযোগ পাবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

উপদেষ্টা বশিরউদ্দীন বলেন, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিন পর্যটকদের জন্য খোলা থাকবে। তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধু দিনের বেলা ভ্রমণ করা যাবে। আর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পর্যটকেরা দ্বীপে রাতে অবস্থান করার সুযোগ পাবে।

বশিরউদ্দীন আরও বলেন, পর্যটকদের যাতায়াত সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষ সফটওয়্যার চালু করা হয়েছে। এর মাধ্যমে রেজিস্ট্রেশন-ভিত্তিক ভ্রমণ অনুমোদন দেওয়া হবে এবং জাহাজ পরিবহনের সঙ্গে সমন্বয় করে পর্যটক নিয়ন্ত্রণ নিশ্চিত করা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ ৯ মাসের জন্য বন্ধ ছিল। জীববৈচিত্র্য রক্ষা এবং অতিপর্যটনের বিরূপ প্রভাব ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সময়ে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় দ্বীপের অর্থনীতি ও পর্যটন খাতে স্থবিরতা নেমে এসেছিল।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন