Logo
Logo
×

সংবাদ

ত্রয়োদশ কংগ্রেসে সিপিবি, নতুন নেতৃত্ব নির্বাচনে চলছে বৈঠক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম

ত্রয়োদশ কংগ্রেসে সিপিবি, নতুন নেতৃত্ব নির্বাচনে চলছে বৈঠক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতৃত্বে আসছে পরিবর্তন। চার দিনব্যাপী ত্রয়োদশ কংগ্রেস শেষে গঠিত ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটির বৈঠকে বুধবার নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া চলছে।

রাজধানীর পুরানা পল্টনের সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই বৈঠকে দলটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নেতৃত্ব বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

নতুন নেতৃত্ব আসবে, তা নিশ্চিত হয়ে গেছে আগেভাগেই। দলের বিদায়ী সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্স এবার নেতৃত্বে থাকছেন না। ২০২২ সালের দ্বাদশ কংগ্রেসে তাঁরা এই দায়িত্বে এসেছিলেন। বুধবার দুপুরে বৈঠকের এক পর্যায়ে রুহীন হোসেন প্রিন্স নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, “শাহ আলম-প্রিন্স থাকছে না, নতুন নেতৃত্ব আসছে।”

বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব বলেন, “নেতৃত্ব নির্বাচনের কাজ চলছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই চূড়ান্ত নাম জানা যাবে।”

এর আগে গত শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কংগ্রেসের উদ্বোধন হয় ‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কর’ স্লোগান নিয়ে। এরপর রাজধানীর বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সারা দেশ থেকে আগত পাঁচ শতাধিক প্রতিনিধি অংশ নেন।

কাউন্সিলে শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের রিপোর্ট, রাজনৈতিক প্রস্তাব, গঠনতন্ত্র সংশোধনী, অডিট কমিটির রিপোর্ট, কন্ট্রোল কমিশনের রিপোর্টসহ নানা বিষয় উত্থাপন ও অনুমোদনের পর ভোটাভুটিতে কেন্দ্রীয় কমিটির ৪৩ জন সদস্য নির্বাচিত হন।

প্রস্তাবিত ৪৩ জনের বাইরেও কাউন্সিল অধিবেশনে কিছু নতুন প্রার্থী নাম প্রস্তাব করেন। আলোচনার পর কয়েকজনের নাম প্রত্যাহার হলে ৭৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। তাঁদের মধ্য থেকে প্রতিনিধিদের সরাসরি ভোটে ৪৩ জন নতুন কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন।

সোমবার গভীর রাতে নির্বাচনী ফলাফল ঘোষণার মাধ্যমে ত্রয়োদশ কংগ্রেসের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। সমাপ্তি অধিবেশনে ছিল সমাপনী ভাষণ ও ‘কমিউনিস্ট ইন্টারন্যাশনাল’ গাওয়ার আনুষ্ঠানিকতা।

বর্তমানে যারা কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব নির্বাচনের দায়িত্বে আছেন, তাঁরা একাধিক নাম এলে নিজেদের মধ্যে ভোট দিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন কে হবেন সভাপতি, সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্য কিংবা সম্পাদকমণ্ডলীর সদস্য। কংগ্রেসে নেতৃত্বে রদবদলের এই পালা পার্টির ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নির্ধারণেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন