Logo
Logo
×

সংবাদ

ভয়ংকর জালিয়াতির শিকার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ পিএম

ভয়ংকর জালিয়াতির শিকার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহক

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশি কিছু গ্রাহক সম্প্রতি ভয়ংকর জালিয়াতির শিকার হয়েছেন। তাঁরা নিজেরা কোনো লেনদেন না করেও কার্ড থেকে ৫০ হাজার টাকা করে হারিয়েছেন। 

এই অর্থ চলে গেছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর (বিকাশ ও নগদ) অ্যাকাউন্টে, সেখান থেকে তা তুলে নিয়েছে এক প্রতারক চক্র। এখন পর্যন্ত অন্তত ৫৪ জন গ্রাহকের অভিযোগ পাওয়া গেছে, যাঁদের কার্ড থেকে মোট প্রায় ২৭ লাখ টাকা সরিয়ে নেওয়া হয়েছে।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নজরে আসার পর কার্ড থেকে এমএফএস অ্যাকাউন্টে ‘অ্যাড মানি’ সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 

গ্রাহকদের এসএমএসের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, গ্রাহকদের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশ ব্যাংককে জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

এই ঘটনার শিকার কয়েকজন গ্রাহক সামাজিক মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তাঁদের মধ্যে হাসিন হায়দার লেখেন, তিনি কারো সঙ্গে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) শেয়ার না করলেও মাত্র ২০ সেকেন্ডের ব্যবধানে ৫০ হাজার টাকা কেটে নেয়া হয়।

 ব্যাংকের কাছে জবাব চাইলে বলা হয়, যেহেতু ওটিপি ব্যবহার হয়েছে, লেনদেনের দায় গ্রাহকের। আরেকজন ভুক্তভোগী সাদিয়া শারমিন বৃষ্টি জানান, সাত বছর ধরে ব্যাংকের কার্ড ব্যবহার করলেও এবারই প্রথম এমন প্রতারণার শিকার হলেন।

এসসিবির ব্যবস্থাপনা পরিচালক লুৎফুল হাবিব জানিয়েছেন, গ্রাহকের নিরাপত্তা রক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং আশা করছেন তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। 

ব্যাংকের প্রযুক্তি ব্যবস্থায় কোনো ত্রুটি না থাকলেও এমএফএস প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে কীভাবে অর্থ চুরি হয়েছে, তা খতিয়ে দেখা জরুরি বলে মন্তব্য করেন তিনি।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন