Logo
Logo
×

সংবাদ

প্রধান উপদেষ্টা এলডিসি উত্তরণে ডব্লিউটিওর সহযোগিতা চেয়েছেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ এএম

প্রধান উপদেষ্টা এলডিসি উত্তরণে ডব্লিউটিওর সহযোগিতা চেয়েছেন

ডব্লিউটিওর মহাপরিচালক এনগোজি ওকনজো-ইওয়ালা মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি

বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ প্রক্রিয়াটি যাতে মসৃণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছ থেকে পূর্ণ সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডব্লিউটিওর মহাপরিচালক এনগোজি ওকনজো-ইওয়ালার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

আন্তরিক এই বৈঠকে প্রধান উপদেষ্টা এলডিসি থেকে উত্তরণের পথে থাকা দেশগুলোর জন্য ভবিষ্যৎ বাণিজ্য বাস্তবতায় সহায়ক ও অর্থবহ সিদ্ধান্ত প্রয়োজনের ওপর জোর দেন। বিশেষ করে, উন্নত বাজারে চলমান বাণিজ্য সুবিধা বা পছন্দসই প্রবেশাধিকার হঠাৎ প্রত্যাহার হয়ে গেলে যেসব দেশ ক্ষতির মুখে পড়তে পারে, তাদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ করেন ইউনূস।

জবাবে ডব্লিউটিওর মহাপরিচালক এ বিষয়ে তার সম্পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। তিনি জানান, স্বত্বাধিক চ্যালেঞ্জের মধ্যেও বৈশ্বিক বাণিজ্যের প্রায় তিন-চতুর্থাংশ এখনো ডব্লিউটিওর নিয়ম কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে, যা একটি ইতিবাচক দিক।

সংলাপে উঠে আসে ডব্লিউটিওর কাঙ্ক্ষিত সংস্কার, বর্তমান বাণিজ্যিক জটিলতা, বিশ্বায়নের ধারা থেকে কিছুটা পশ্চাদপসরণের ইঙ্গিত এবং সংরক্ষণবাদের প্রসঙ্গও। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন এনগোজি ওকনজো-ইওয়ালা। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “ডব্লিউটিওকে অবশ্যই সংস্কার করতে হবে, এবং আমি সেখানে আপনার নেতৃত্ব চাই।”

প্রধান উপদেষ্টা ইউনূস এই আহ্বানে সাড়া দিয়ে বলেন, বিশ্ব বাণিজ্যের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতায় নেতৃত্ব ধরে রাখতে ডব্লিউটিওকে আরও কার্যকর ও সময়োপযোগী হতে হবে। তিনি আশ্বাস দেন, “বাংলাদেশ অর্থবহ পরিবর্তনের পক্ষে দৃঢ়ভাবে নিজের অবস্থান জানাতে প্রস্তুত।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও পরিবহন খাত–সম্পর্কিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা–সংক্রান্ত (এসডিজি) সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন