নিউইয়র্কে এনসিপিনেতাকে ডিম নিক্ষেপ, যুবলীগকর্মী আটক
নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপিনেতাকে ডিম ছোড়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় যুবলীগকর্মী মিজানুর রহমানকে আটক করেছে।
অভিযোগ উঠেছে—তিনি ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-এর সদস্যসচিব আখতার হোসেনের দিকে ডিম ছুড়েছিলেন এবং এক বিএনপি সমর্থককে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেছিলেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন নিউইয়র্কে যান। বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল দিয়ে বের হওয়ার সময় স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরের বাইরে অবস্থান করছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী ও সমর্থক। এ সময় আখতার হোসেনের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। তাঁদের ঘিরে বিক্ষোভ শুরু হয়। তাসনিম জারার উদ্দেশে কিছু আপত্তিকর মন্তব্যও শোনা যায়। হঠাৎ করে আখতার হোসেনের দিকে একটি ডিম ছোড়া হয়, যা তাঁর গায়ে লাগে।
এই ঘটনার কিছুক্ষণ পর, জ্যাকসন হাইটস এলাকার বাংলাদেশ স্ট্রিট থেকে নিউইয়র্ক পুলিশ মিজানুর রহমানকে আটক করে। এক প্রত্যক্ষদর্শী জানান, তাঁর বিরুদ্ধে একজন বিএনপি সমর্থক অভিযোগ করেছেন, মিজানুর তাঁর দিকে ছুরি নিয়ে তেড়ে এসেছিলেন। এ অভিযোগের ভিত্তিতেই তাঁকে আটক করা হয়।
আটক হওয়ার সময় মিজানুর ‘জয় বাংলা’ স্লোগান দেন, সঙ্গে স্লোগানে যোগ দেন তাঁর কয়েকজন সহকর্মীও। পুলিশ জানিয়েছে, তাঁকে আজ রাতে থানায় রাখা হবে এবং পরদিন আদালতে তোলা হবে।
এদিকে, এই ঘটনার প্রতিক্রিয়ায় এনসিপি নেতা আখতার হোসেন বলেন, নিউইয়র্কের মতো জায়গায় এমন আচরণ দুঃখজনক। তিনি আশা করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা বর্তমানে ম্যানহাটানের গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করছেন। সেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আগে থেকেই প্রতিবাদের অনুমতি নিয়ে রেখেছিল। সন্ধ্যায় তারা সেখানে বিক্ষোভ করে। রাস্তার দুই পাশে দুই পক্ষের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগানও শোনা যায়।

