Logo
Logo
×

সংবাদ

এনসিপি নেতা আখতারকে ডিম ছুড়ল আওয়ামী লীগের নেতা–কর্মীরা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ এএম

এনসিপি নেতা আখতারকে ডিম ছুড়ল আওয়ামী লীগের নেতা–কর্মীরা

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সফরসঙ্গী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের দিকে ডিম নিক্ষেপ করা হয়েছে। ঘটনাটি ঘটে স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে, টার্মিনাল চার থেকে বের হওয়ার সময়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আওয়ামী লীগের এক নেতা—মিজানুর রহমান—এ ঘটনায় জড়িত ছিলেন বলে অনেকেই দেখেছেন। যদিও এ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আখতার হোসেন এসময় ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সঙ্গে। তাঁরা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে আসা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছান।

বিমানবন্দরে প্রবেশ ও বের হওয়ার সময় বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থকেরা পাল্টাপাল্টি অবস্থান নেন এবং শ্লোগানে মুখর পরিবেশ সৃষ্টি হয়। তাসনিম জারাকে উদ্দেশ করে কিছু আপত্তিকর মন্তব্যও শোনা যায় বলে উপস্থিতরা জানান।

প্রত্যক্ষদর্শী একজন বিমানবন্দর কর্মকর্তা বলেন, আখতার হোসেনের পিঠে দুটি ডিম ছোড়া হয়। তবে তিনি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শান্তভাবে সামনে এগিয়ে যান।

বিমানবন্দর থেকে সফরসঙ্গীরা গাড়িতে ওঠার পর, আওয়ামী লীগের কিছু সমর্থক গাড়ির সামনে শুয়ে পড়েন এবং ‘জয় বাংলা’সহ নানা শ্লোগান দিতে থাকেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে এবং শান্তিপূর্ণভাবে সবাইকে সরে যাওয়ার আহ্বান জানায়।

এই দিন দুপুর থেকে বিএনপি ও আওয়ামী লীগপন্থীরা বিমানবন্দরের সামনে জড়ো হতে থাকেন এবং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

এরপর, সফরসঙ্গীরা ম্যানহাটানের গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান নেন। সেখানে আওয়ামী লীগ অনুমতি নিয়ে একটি প্রতিবাদ কর্মসূচি পালন করে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে উভয় পক্ষই তাদের অবস্থান তুলে ধরেন। শ্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ।

সন্ধ্যায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ডিম নিক্ষেপ এবং কটূক্তির মাধ্যমে একটি রাজনৈতিক শক্তি যে অসহিষ্ণু আচরণ দেখিয়েছে, তা দুঃখজনক। তিনি এ ঘটনার বিচার দাবি করেন এবং আশা করেন, যুক্তরাষ্ট্রের মতো একটি গণতান্ত্রিক দেশে কেউ এমন আচরণ পুনরায় করবে না।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন