Logo
Logo
×

সংবাদ

সাবেক ভূমিমন্ত্রীর গাড়িচালকের বাড়ি থেকে ২৩ বস্তা নথি জব্দ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম

সাবেক ভূমিমন্ত্রীর গাড়িচালকের বাড়ি থেকে ২৩ বস্তা নথি জব্দ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক গাড়িচালকের বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল শনিবার  দিবাগত রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের শিকলবাহা এলাকায় এই অভিযান চালানো হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি দুদক টিম। 

দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান, সাইফুজ্জামান জাবেদের স্ত্রী রুখমিলা জামানের গাড়িচালক ইলিয়াসের শিকলবাহার বাড়িতে অর্থপাচার ও দেশীয় ব্যবসার বিভিন্ন নথিপত্র লুকিয়ে রাখার খবর পেয়ে অভিযান চালানো হয়।

দুদকের উপপরিচালক আরও জানান, বুধবার রাতে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে উৎপল পাল ও আবদুল আজিজ নামের সাইফুজ্জামান চৌধুরীর ঘনিষ্ঠ দুই সহযোগীকে গ্রেপ্তার করে দুদক। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে দুদক। আদালত  তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মশিউর রহমান বলেন, রিমান্ডে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশ, চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাড়িটিতে অভিযান চালিয়ে ২৩ বস্তা বিভিন্ন নথিপত্র জব্দ করা হলেও কোনো অর্থের সন্ধান পাওয়া যায়নি।  অভিযানের খবর পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যান। 

দুদকের আরেকটি সূত্র জানিয়েছে, উৎপল পাল ও আব্দুল আজিজের কাছ থেকে দুইটি ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়েছে। এসব ডিভাইস থেকে বিপুল পরিমাণ তথ্য পাওয়া গেছে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন