রাজধানীর যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণ, এক পরিবারের চারজন দগ্ধ
ফাইল ফটো
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় গভীর রাতে এক মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। বাসার শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়লে তারা দগ্ধ হন।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার দিনগত রাত আনুমানিক দেড়টার দিকে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধদের মধ্যে রয়েছেন মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০), এবং তাদের দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)।
তাদের শারীরিক অবস্থার বিষয়ে ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তুহিন হোসেনের শরীরের প্রায় ৪৭ শতাংশ পুড়ে গেছে, যা তুলনামূলকভাবে গুরুতর। তার স্ত্রী ইবা আক্তরের শরীরের ১৫ শতাংশ, ছেলে তাওহীদের ৮ শতাংশ এবং তানভীরের শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে তিন জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং ছোট ছেলে তাওহীদকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার বিষয়ে দগ্ধ তুহিনের শ্যালিকা ফারজানা জানান, তুহিন মোতালেব প্লাজায় মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন। রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয় এসি, সঙ্গে সঙ্গেই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ঘরের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দের সহায়তা নিতে হয়।
বর্তমানে পরিবারের সদস্যরা চিকিৎসাধীন, তাদের শারীরিক অবস্থা চিকিৎসকরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তবে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সচেতনতা ও নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

