Logo
Logo
×

সংবাদ

রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে আবারও বিক্ষোভ

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম

রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে আবারও বিক্ষোভ

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শর্তসাপেক্ষে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ শুরু করে জোহা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এ সময় শিক্ষার্থীদের ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, পোষ্য কোটা ফিরিয়ে নে’, ‘পোষ্য কোটার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘২৪-এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার’, ‘জামাই কোটার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘অবৈধ সিন্ডিকেট ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, আগামী ২৫ তারিখের রাকসু নির্বাচনকে পুঁজি করেই শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা এই অবৈধ পোষ্য কোটা পুনর্বহালের দাবি তুলেছেন এবং তা বাস্তবায়ন করেছেন। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থের চেয়ে ব্যক্তিগত সুবিধা আদায়ের লক্ষ্যেই এ দাবি সামনে আনা হয়েছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় উপাচার্য অনেক আগেই পোষ্য কোটাকে বাতিল করেছেন। কিন্তু ছুটির আগের দিনে এই অন্যায় কোটা ফিরিয়ে আনার ঘোষণা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় বিপ্লব-পরবর্তী প্রশাসনে কোনো অনৈতিক, অন্যায়, অযৌক্তিক কিছুই মেনে নেওয়া হবে না। এ কোটায় কোনো শিক্ষার্থীকে ভর্তি নেওয়ার জন্য যদি কোনো রুমের তালা খোলা হয় তবে ওই রুম চিরদিনের জন্য তালা বন্ধ করে দেওয়া হবে। আর একটা শিক্ষার্থীও পোষ্য কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিতে দেওয়া হবে না।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন