যারা সমাজ বদলাতে চান, তাদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীতে বাংলা একাডেমি মিলনায়তনে কমরেড বদরুদ্দীন উমরের শোকসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আলোচনা সভায় একটা কথা এখানে খুব জোরেসোরে এসেছে, তা হলো সংগঠন। আমার মনে হয়, ব্যক্তিগত ধারণা থেকে বিপ্লব তখনই সফল হয়, যখন সংগঠন থাকে। আজকে যে একটা হতাশা এসেছে, এই হতাশার মূল কারণটা হচ্ছে সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় না।’
তিনি বলেন, ‘আজ যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে। আরও মজবুত করতে হবে। একেবারে বদরুদ্দীন উমরের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে, তাহলেই সেটা সম্ভব হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘কমরেড বদরুদ্দীন উমরের সঙ্গে আমার খুব বেশি মেলামেশা করার সুযোগ হয়নি। উপদেষ্টা আবরার সাহেবের বাসায় গিয়েছি, সেখানে তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছি। বদরুদ্দীন উমর জীবনের শেষ দিন পর্যন্ত তার আদর্শ, সংগ্রামের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করেননি। আমরা আজকের রাজনীতি যারা করছি, আমরা অত্যন্ত শ্রদ্ধাবোধ করি। কারণ, তিনি কখনো কম্প্রোমাইজ করেননি।’

