Logo
Logo
×

সংবাদ

চার মাজারে হামলা-আগুন: অজ্ঞাত ২২০০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ পিএম

চার মাজারে হামলা-আগুন: অজ্ঞাত ২২০০ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লার হোমনায় চারটি মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতপরিচয় প্রায় ২ হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। হোমনা থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার সরকার বৃহস্পতিবার রাতে এই মামলা দায়ের করেছেন।

এর আগে, দুপুরে উপজেলার আসাদপুর ইউনিয়নের একটি গ্রামে চারটি মাজারে একযোগে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক যুবকের ধর্ম অবমাননার অভিযোগ তুলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে হাত মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো হতে থাকে এবং একপর্যায়ে তারা মাজারগুলোর ওপর হামলা চালায়।

এ সময় কফিল উদ্দিন শাহ, আবদু শাহ, কালাই শাহ এবং হাওয়ালি শাহর মাজারে হামলা হয়। শুধু মাজার নয়, কফিল উদ্দিন শাহর মাজারের পাশের তিনটি ঘরেও আগুন দেওয়া হয়। এতে একটি মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে যায়। হাওয়ালি শাহর মাজার চত্বরে আবার অগ্নিসংযোগ করা হয়।

সংঘটিত ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধর্ম অবমাননার অভিযোগে ৩৫ বছর বয়সী মো. মহসীন নামের এক যুবককে আটক করা হয়। তিনি হোমনার ফকিরবাড়ির বাসিন্দা।

স্থানীয়দের ভাষ্য, বুধবার সকাল ১১টার দিকে 'বেমজা মহসিন' নামের একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়া হয়। এতে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মহসীনের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ শুরু হলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ‘বাংলাদেশ ইসলামী যুব সেনা’র স্থানীয় এক নেতা তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা করেন।

এসআই তাপস কুমার সরকার জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন