মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে জড়ো হওয়া ৬৬ জন নারী-পুরুষ ও শিশু উদ্ধার
মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে জড়ো হওয়া ৬৬ জন নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত কক্সবাজারের টেকনাফে বাহারছড়ার কচ্ছপিয়া এলাকার গভীর পাহাড়ি ঝোপঝাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে তারা। তাদের মধ্যে ৪৪ জনই নারী ও শিশু।
কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া বেশির ভাগ মানুষই রোহিঙ্গা শরণার্থী। সংঘবদ্ধ একটি দালাল চক্র তাদের নানা প্রলোভনে এনে ওই দুর্গম স্থানে জড়ো করে। কাউকে উন্নত জীবনের আশ্বাসে, কাউকে আবার জোর করে অপহরণ করে আনা হয় সেখানে। অপহৃতদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা চলছিল বলেও তথ্য পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালায়। তবে অভিযানের সময় পাচারকারীদের একটি বড় অংশ—প্রায় ১৫ থেকে ২০ জন—পাহাড়ের ভেতরে পালিয়ে যায়।
কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানিয়েছেন, পাচারকারীদের শনাক্ত করে আটক করতে তৎপরতা চলছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এই ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, চলতি বছর টেকনাফ এলাকায় ৬২ জন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন পর্যন্ত ৭৭ জনকে পাচার থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। শীতের শুরুতেই সাধারণত এই পাচারের ঘটনা বাড়তে থাকে।

