Logo
Logo
×

সংবাদ

দুর্গাপূজা ঘিরে পাশের দেশ মিথ্যাচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম

দুর্গাপূজা ঘিরে পাশের দেশ মিথ্যাচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন দুর্গাপূজার পরিস্থিতি নিয়ে পাশের দেশ মিথ্যা প্রচার করছে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, এখনও দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়নি। ঢাকাসহ দেশের প্রতিটি পূজা মণ্ডপের কাজ চলছে। এরইমধ্যে পাশ্বর্বর্তী দেশ পূজামণ্ডপ ঘিরে নানা অপপ্রচার চালাচ্ছে। আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে উত্তরায় র‌্যাবের সদর দপ্তরে দেশের সার্বিক পরিস্থিতিতে র‌্যাবের কর্মকাণ্ড ও দিকনির্দেশনা বিষয়ক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ৫ আগস্টের আগে র‌্যাবের যে কর্মকাণ্ড, সেগুলো এখন আর নেই। এখন র‌্যাবের কর্মকাণ্ড নিয়ে সবাই প্রসংশা করে। এখন তারা খুবই ভালোভাবে কাজ করে যাচ্ছে। তাদের পারফরমেন্স অনেক ভালো। অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্র উদ্ধারসহ বর্তমানে তারা অনেক ভালো কাজ করছেন।

আরেক প্রশ্নে উপদেষ্টা বলেন, আমাদের দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপ রয়েছে। দু-একটি জায়গায় হয়তো ছোটখাটো দু-একটি ঘটনা ঘটতে পারে। সেটা হয়তো অসাবধানতাবসত হতে পারে। তবে প্রতিটি পূজামণ্ডপে আমরা সর্বচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বুধবার পঞ্চগড়ের একটি ঘটনা নিয়ে পাশ্বর্বর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে। তারা মিথ্যা সংবাদ প্রচার করছে। ফলে এসব মিথ্যা সংবাদের বিপরীতে আপনাদের (সাংবাদিক) পাল্টা সত্য সংবাদ প্রচার করতে হবে। একইসঙ্গে পূজামণ্ডপ কমিটিকেও সতর্ক থাকতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময়ে যারা অবসরে গেছেন, এখন আবার তাদের নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ম মেনেই করা হচ্ছে। এ ধরনের নিয়ম আগেও ছিল, এখনও আছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন