Logo
Logo
×

সংবাদ

তালেবানের আমন্ত্রণে আফগানিস্তানে মামুনুল হক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১০ পিএম

তালেবানের আমন্ত্রণে আফগানিস্তানে মামুনুল হক

তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হকের নেতৃত্বে ইসলামপন্থী নেতাদের একটি প্রতিনিধিদল। গতকাল বুধবার সকালে সাত সদস্যের এই দলটি কাবুলে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিনিধিদলে মামুনুল হক ছাড়াও রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আবদুল হামিদ, আবদুল আউয়াল, আবদুল হক, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মনির হোসেন কাসেমী ও মাহবুবুর রহমান।

বাংলাদেশ খেলাফত মজলিশের একজন নেতা জানিয়েছেন, প্রতিনিধিদলটি আফগানিস্তানে পাঁচ দিন অবস্থান করবে। সফরের অংশ হিসেবে মামুনুল হকের মধ্য এশিয়ার আরও কয়েকটি দেশ ভ্রমণের কথা রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে প্রতিনিধিদলটি তালেবান সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, জ্যেষ্ঠ আলেম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবে। এ ছাড়া আফগানিস্তানের মানবাধিকার ও নারী অধিকারের পরিস্থিতি তারা সরাসরি পর্যবেক্ষণ করবেন।

আলোচনায় দুই দেশের আলেমদের মধ্যে সম্পর্ক শক্তিশালী করা, কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং বাণিজ্য, স্বাস্থ্য ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো অগ্রাধিকার পাবে। প্রতিনিধিদলটি আফগানিস্তানে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর প্রতিনিধিদলটি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিল। সেখানে তারা আগামী ১৫ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিতব্য খতমে নবুয়ত সম্মেলনের সফল করার লক্ষ্যে মক্কায় প্রবাসীদের সঙ্গে একটি বৈঠকও করেন। ওমরাহ পালন শেষে গতকাল সকালে দুবাই হয়ে তারা কাবুল পৌঁছান।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন