ইসি সচিবালয় ও নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশের অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম
নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের ৪৩তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে।
এরপর মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এটির উদ্যোক্তা ছিল লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। অন্যদিকে, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, উপদেষ্টা পরিষদের বৈঠকে অর্থ সংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারসংক্ষেপের সহিত উপস্থাপিত অর্থ সংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
নির্বাচন কমিশনের কাজে গতিশীলতা আনতে কমিশনের প্রস্তাবিত এ দুটি আইন সংস্কারের অনুমোদন সরকার দিয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
