Logo
Logo
×

সংবাদ

টাইফয়েড টিকা দিতে দেড় মাসে প্রায় ৯০ লাখ শিশুর নিবন্ধন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম

টাইফয়েড টিকা দিতে দেড় মাসে প্রায় ৯০ লাখ শিশুর নিবন্ধন

আগামী ১২ অক্টোবর থেকে দেশজুড়ে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের এ টিকা দেওয়া হবে। এরই মধ্যে সরকারি ওয়েব পোর্টালে নিবন্ধন করেছে ৮৯ লাখ ২৭ হাজার শিশু। রবিবার বিকেলে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।

তিনি বলেন, ‘এই প্রথম সরকারিভাবে শিশুদের বিনা মূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। নিবন্ধনের জন্য (https://vaxepi. gov. bd/registration/tcv) ভিজিট করতে হবে এবং ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর দিতে হবে। জন্মনিবন্ধনবিহীন শিশুরা নির্ধারিত টিকা কেন্দ্রে নিবন্ধন করতে পারবে। নিবন্ধনের পর প্রাপ্ত ডিজিটাল টিকা কার্ড নিয়ে নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে হবে। যেসব শিশুর বয়স ৯ মাস পূর্ণ হয়েছে কিন্তু ১৫ বছর পূর্ণ হয়নি; শুধু তারাই এই টিকার জন্য উপযুক্ত।’

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেড় মাসে ৮৯ লাখের বেশি শিশু নিবন্ধন করেছে। এই টিকা সাধারণ টাইফয়েড প্রতিরোধের পাশাপাশি অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী টাইফয়েডের বিস্তার রোধেও কার্যকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত এ টিকা নিরাপদ ও কার্যকর।

ডব্লিউএইচওর ২০১৯ সালের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিবছর প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং মারা যায় ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ। আক্রান্তদের বড় অংশই দক্ষিণ এশিয়া ও সাব-সাহারান আফ্রিকায়।

দ্য গ্লোবাল বারডেন অব ডিজিজের তথ্যমতে, ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং মারা যায় প্রায় ৮ হাজার মানুষ। মৃতদের ৬৮ শতাংশই শিশু।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন