সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ছয়টি বিভাগের ওপর দিয়ে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার, ১৪ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত এই প্রবণতা বজায় থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট—এই ছয়টি বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ, এমনকি কিছু এলাকায় অতি ভারী বর্ষণও ঘটতে পারে। ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী এবং এর চেয়েও বেশি পরিমাণকে অতি ভারী বর্ষণ হিসেবে বিবেচনা করা হয়।
চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টির ফলে ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। পাশাপাশি, ভারী বর্ষণের ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও সম্ভাবনার কথা বলা হয়েছে।
এদিকে, শনিবার মধ্যরাত থেকে রাজধানীতে থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছে। যদিও সড়কে এখনও পানি জমেনি, তবে বৃষ্টির কারণে যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। বিশেষ করে অফিসমুখী মানুষদের জন্য সকালটি হয়ে উঠেছে কিছুটা দুর্ভোগপূর্ণ। রাজধানীর উত্তরা, খিলক্ষেত, বনানী, মালিবাগ ও বিজয় সরণি সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘ যানজট লক্ষ্য করা গেছে। ফলে অনেকে ঠিক সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেননি।

