Logo
Logo
×

সংবাদ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

জান্নাতুল ফেরদৌস। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। 

আজা শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে অসুস্থ অবস্থায় সাভার এনাম মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলিন। 

জানা গেছে, জাকসু নির্বাচনে ভোট গণনা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে সকালে সিনেটে এসেছিলেন জান্নাতুল ফেরদৌস। ওই সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

চারুকলা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, ‘ওই শিক্ষক প্রীতিলতা হলের পোলিং অফিসার ছিলেন। আমি সেখানে রিটার্নিং অফিসার ছিলাম।’

তিনি আরও বলেন, ‘সকালে ভোট গণনাকালে তিনি (জান্নাতুল ফেরদৌস) হঠাৎ গেটের সামনে অজ্ঞান হয়ে পড়ে যান। তাকে তখনই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পথেই তিনি মারা যান।’

জাবির প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, ‘শারীরিক ক্লান্তি ও পোলিং এজেন্টদের অনুপস্থিতির কারণে রাতে সব হল সংসদের ভোট গণনা শেষ করা সম্ভব হয়নি। তাই প্রীতিলতা হলের ভোট গণনার কাজ সকালে করার সিদ্ধান্ত হয়। ওই শিক্ষকও সহকর্মীদের সঙ্গে গণনা কেন্দ্রে এসেছিলেন, কিন্তু সিনেট হলের গেটের কাছে হঠাৎ পড়ে যান। অ্যাম্বুলেন্সে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।’

এই ঘটনায় পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়। যা বিকেল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে রাত সাড়ে ৭টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন ও ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। খবর বাসস। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন