জাকসু নির্বাচনের ভোট গণনার সময় শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার সময় দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।
তিনি প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণ শেষে গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণনা শুরু হয়। সকালে জান্নাতুল ফেরদৌস সেখানে এসে দায়িত্ব নিতে গিয়েছিলেন। কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়ে যান তিনি।
প্রীতিলতা হলের আরেক পোলিং অফিসার ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক নাসিমা আক্তার বলেন, “আমি সাড়ে সাতটার দিকে সিনেট ভবনে যাই। জান্নাতুল প্রায় আটটার দিকে আসে। কিছুক্ষণ পর হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে।”
ইতিহাস বিভাগের অধ্যাপক সুলতানা আক্তার জানান, “সকালে তাকে ভোট গণনার জন্য ডাকা হয়েছিল। আসার অল্প সময় পরেই অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।”
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাওন বলেন, “সকাল নয়টার দিকে তাঁকে হাসপাতালে আনা হয়। তখন তিনি আর বেঁচে ছিলেন না। তাঁর সঙ্গে তখন স্বামী এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ছিলেন।”
এই অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা বলছেন, দায়িত্ব পালন করতে গিয়ে হঠাৎ তাঁর চলে যাওয়া সবার জন্যই গভীর বেদনার।

