এপিবিএন অধিনায়কের অপসারণ চেয়ে বেবিচকের চিঠি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিহাব কায়সার খানের বিরুদ্ধে বাংলাদেশ বিমানবাহিনীকে নিয়ে অশোভন ও শিষ্টাচার-বহির্ভূত মন্তব্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁকে অপসারণের দাবি জানিয়ে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল ৯ সেপ্টেম্বর আইজিপিকে এ-সংক্রান্ত চিঠি পাঠান। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের বিষয়ে সরাসরি ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।
বেবিচককে বেসামরিক বিমান পরিবহন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ২৪ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সভায় বিতর্কিত মন্তব্য করেন সিহাব কায়সার খান।
