জাকসু নির্বাচন
নারীদের ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশে বাধা
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে নারী ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি নারী সাংবাদিকরাও সেসব কেন্দ্রে প্রবেশে বাধা পেয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এরমধ্যে বেগম রোকেয়া হল, বেগম ফজিলাতুন নেছা হল, বীরপ্রতীক তারামন বিবি হল, শেখ হাসিনা হল, বেগম সুফিয়া কামাল হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা হলের কেন্দ্রে নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।
নারীদের কয়েকটি কেন্দ্রে ঢুকতে গেলে নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের বাধা দিচ্ছিলেন। বেলা ১টার পর বীরপ্রতীক তারামন বিবি হল কেন্দ্রে ঢুকতে চাইলে সেখানকার নিরাপত্তাকর্মীরা বাধা দেন। পরে প্রভোস্টের অনুমতি নিয়ে এক নারী সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়। সেখানে ১০ মিনিটের জন্য প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে সে সময় তার সঙ্গে ছিলেন ওই হলের প্রভোস্ট অধ্যাপক আবিদা সুলতানা।
আর লাইভ চলার সময় অধ্যাপক পাশে দাঁড়িয়ে ছিলেন এবং বারবার বের হয়ে যাওয়ার তাগাদা দেন। একপর্যায়ে ১০ মিনিট হয়ে গেলে তিনি ক্যামেরার সামনে চলে আসেন। সাংবাদিক সাবিকুন্নাহার লিপি বলেন, “তিনি নিজে দায়িত্ব নিয়ে আমাকে বের করে দিয়েছেন।”
প্রভোস্ট অধ্যাপক আবিদা সুলতানা বলেন, “মেয়েদের বিষয় যেহেতু, সেখানে নিরাপত্তার একটা বিষয় আছে। এ কারণে পুরুষদের ঢুকতে দেওয়া হচ্ছে না।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের নির্বাচনী বিধিতে বলা আছে, নির্বাচনী কর্মকর্তা, কর্মচারী, নির্বাচন কমিশন অনুমোদিত ব্যক্তি (সাংবাদিকসহ) এবং ভোটাররা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
